ডেঙ্গুতে চলতি বছর ২০০ জনের প্রাণহানি
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ভাইরাসটিতে ২০০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন রোগী।
বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৪৯০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০০, ঢাকা উত্তর সিটিতে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪, ময়মনসিংহে ২৮ জন, রংপুরে ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৭ হাজার ৮৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০০ জনের।
এদিকে গত একদিনে সারাদেশে ৪৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ২৭৩ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন। তখন আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।