২৬ অগাস্ট, ২০২৫ ০৭:২০ পিএম

অবাঞ্ছিত তিন শিক্ষককে বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

অবাঞ্ছিত তিন শিক্ষককে বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের ‘লাল কার্ড’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছাত্রীদের যৌন হেনস্তার পরও অপসারণ না হওয়ায় তিন শিক্ষকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই সাথে তারা এসব শিক্ষককে বাদ দিয়ে রুটিন প্রণয়নের দাবি জানিয়েছেন। দুই দাবিতে ইতোমধ্যে তিন দিন ধরে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনও করেছেন তারা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুই দফা দাবিতে ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষার্থী। এ সময় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়।

এর আগে সোমবার কলেজের অধ্যক্ষ বরাবর দেওয়া এক স্মারকলিপিতে দু’দফা দাবি মেনে নিতে সাত কার্যদিবসের সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।

গত মে মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজে শিক্ষকদের নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করে সারাদেশের নার্সিং শিক্ষার্থীরা। এ সময়ে ৬ মে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ছাত্রীরা যৌন হয়রানির শিকারও হন।

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের ডেকে এনে এই হামলা করেছেন শিক্ষক আলী আজগর। এ ছাড়া শিক্ষার্থীদের হুমকি ও হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে আরও দুই শিক্ষকের বিরুদ্ধে। তারা হলেন—সাইব হোসাইন রনি এবং ফরিদা বেগম।

শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রত্যক্ষ মদতদাতা, বহিরাগতদের ডেকে এনে শিক্ষার্থীদের লাঞ্ছনা, হেনস্তা ও হুমকি প্রদানসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম, আধিপত্য বিস্তার, নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর শব্দ ব্যবহার ও যৌন হয়রানিসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত শিক্ষক আলী আজগর এখনও কলেজ থেকে অপসারিত হয়নি। শিক্ষার্থীদের বয়কট এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষিত এই শিক্ষককে প্রশাসনিকভাবে দায়িত্বে বহাল রাখা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।’

তারা বলেন, ‘তিনি এখনও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের নানাভাবে হুমকি প্রদান করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত করে আসছেন। এ ছাড়া শিক্ষার্থীদের হুমকি প্রদান, হামলায় সরাসরি অংশ নেওয়া, নারী শিক্ষার্থীদের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অন্য দুই শিক্ষক সাইব হোসাইন রনি এবং ফরিদা বেগম স্বপদে বহাল রয়েছেন।’

অবস্থান কর্মসূচি থেকে দু’দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। এগুলো হলো—অবিলম্বে অভিযুক্ত তিন শিক্ষককে কলেজ থেকে বদলি বা অপসারণ করতে হবে এবং প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন ক্লাস রুটিন প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, বিগত দিনের মতো কোনো শিক্ষার্থীকে হুমকি কিংবা ক্যাম্পাসে বহিরাগত ডেকে এনে শিক্ষার্থীদের লাঞ্ছনা করার অপচেষ্টা করা হলে অথবা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার অভিযুক্ত তিন শিক্ষককে নিতে হবে।

তারা আরও বলেন, বরিশাল নার্সিং কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে। দাবি মানতে বিলম্ব করলে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে কমপ্লিট শাটডাউন এবং আমরন অনশনসহ কঠোর কর্মসূচি পালন করবে।

মানববন্ধন থেকে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয়।

প্রসঙ্গত, গত মে মাসে শুরু হওয়া আন্দোলনের পাঁচ দফা দাবি হলো—বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজে শিক্ষকদের নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগ, সংযুক্ত ডিপ্লোমাধারী নার্সদের নিজ নিজ কর্মস্থলে প্রত্যাবর্তন, ইন্টার্ন নার্সদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ, ডিপ্লোমা ডিগ্রির পরিবর্তে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির প্রবর্তন এবং বেসরকারি নার্সিং কলেজগুলোর জন্য টিউশন ফি ও শিক্ষকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত