টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু ১২ অক্টোবর, রেজিস্ট্রেশন যেভাবে
মেডিভয়েস রিপোর্ট: আগামী ১২ অক্টোবর দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে স্থানীয় পর্যায়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দেওয়া এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক, শিশু ও কিশোরস্বাস্থ্যের (এমএনসিএন্ডএএইচ) লাইন ডিরেক্টর ডা. এসএম আব্দুল্লাহ্-আল-মুরাদ এতে সই করেন।
এর আগে গত ১ আগস্ট শুরু হয় টিকাদান কর্মসূচির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ওই সময়ে ১ সেপ্টেম্বর কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রস্তুতির ঘাটতি থাকায় সেটি পিছিয়ে ১২ অক্টোবর পর্যন্ত পেছানো হয়। গত ১৪ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ৭১তম ইন্টার-এজেন্সি কো-অর্ডিনেশন কমিটির (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভার বরাত দিয়ে বৃহস্পতিবার স্থানীয় পর্যায়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম সুষ্ঠুভাবে আয়োজনের জন্য হার্ডকপি মাইক্রোপ্ল্যান ও অনলাইন মাইক্রোপ্ল্যান সম্পন্ন করার নতুন তারিখ পরবর্তীতে বিশদ আকারে প্রেরণ করা হবে।
এ ছাড়া ভ্যাক্স-ইপিআই রেজিস্ট্রেশন চলমান থাকবে বলেও জানানো হয় চিঠিতে। এ ছাড়া যথাসময়ে সকল কার্যক্রম সম্পন্ন করে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয় চিঠিতে।
এদিকে ১৪ আগস্ট সভা শেষে টিকাদান কর্মসূচির নতুন তারিখ গণমাধ্যমকে জানিয়েছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। তিনি বলেন, কিছু প্রশাসনিক কাজ অসমাপ্ত থাকা এবং পূজার ছুটির কারণে সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবর থেকে টিকাদান শুরু হবে।
ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ১০ দিন দেশের স্কুল ও মাদ্রাসাগুলোতে ক্যাম্প করে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে এই টিকা দেওয়া হবে।
ইপিআই সূত্রে জানা গেছে, এক ডোজের ইনজেকটেবল এই টাইফয়েড টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে আনা হয়েছে এই ভ্যাকসিন।
রেজিস্ট্রেশন করবেন যেভাবে
টিকা গ্রহণের জন্য অভিভাবকদের https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। টিকাদান কেন্দ্রে এই কার্ড নিয়ে যেতে হবে।
এনএআর/
-
১৪ সেপ্টেম্বর, ২০২৫
-
২১ অগাস্ট, ২০২৫
-
২৬ ফেব্রুয়ারী, ২০২৫