১১ অগাস্ট, ২০২৫ ১২:১৬ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির ৫% স্বাস্থ্যখাতে ব্যয় হবে: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির ৫% স্বাস্থ্যখাতে ব্যয় হবে: আমীর খসরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে জিডিপির ৫% স্বাস্থ্যখাতে এবং ৫% শিক্ষাখাতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১০ আগস্ট) গুলশানের একটি হোটেলে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সংলাপের আয়োজন করে। এ সময় বিএনপির সরকার গঠিত হলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান আমীর খসরু।

সিরিয়াস ডি-রেগুলেশন না করলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে না এবং অর্থনীতি সঠিক পথে এগোবে না উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে রেস্টুরেন্টের লাইসেন্স নিতে ১৯টি অনুমতি লাগে। এ ধরনের জটিলতা বিনিয়োগ নিরুৎসাহিত করে।

সবাইকে সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বক্তব্যের মাধ্যমে বিষোদ্‌গার বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে অন্যজনের কথা শুনে সহ্য করা, তার মতকে সম্মান দেওয়া। মানুষের কথা বলার সুযোগ অব্যাহত থাকলে আপনা-আপনিই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি টিকতে পারবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিপ্লবোত্তর যে দেশ দ্রুত নির্বাচন করেছে, তারা ভালো করেছে; যারা দীর্ঘ সময় নিয়েছে, সেখানে অন্তর্কোন্দল বেড়েছে।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বাজেট অব্যাহত না রেখে বরং অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক