০৯ অগাস্ট, ২০২৫ ০৩:৩৮ পিএম

ড্যাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ 

ড্যাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ 
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন। আজ শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বেলা ১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ড্যাবের চিকিৎসকরা উপস্থিত রয়েছেন ভোটকেন্দ্রে।

ভোটগ্রহণ শুরুর আগে ড্যাবের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশের জাতীয়তাবাদী তিন হাজার ১৩৯ চিকিৎসক ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এদিকে এ পাঁচ পদে লড়তে প্রাথমিকভাবে ৯৫ জন প্রার্থিতা ঘোষণা করেন। কিন্তু চূড়ান্তভাবে নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয় দুটি প্যানেল। এ দুটি প্যানেল পৃথকভাবে সাবেক সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ হোসেন এবং সাবেক আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের অনুসারী। প্যানেলের বাইরেও সভাপতি পদে লড়ছেন ড্যাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ডা. ওবায়দুল কবির।

তবে নির্বাচনকে ঘিরে স্বাস্থ্য প্রতিষ্ঠান চষে বেড়িয়েছেন মূলত প্যানেল দুটিই। এগুলো হলো—ডা. আজিজ-ডা. শাকুর প্যানেল ও ডা. হারুন-ডা. শাকিল প্যানেল।

আজিজ-শাকুর প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ড্যাবের সভাপতির দায়িত্ব পালন করা অধ্যাপক এ কে এম আজিজুল হক। ওই প্যানেলের মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম জন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন ডা. আবু মো. আহসান ফিরোজ।

অপর দিকে ডা.হারুন-শাকিল প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগঠনের প্রথম নির্বাচিত সভাপতি হারুন আল রশীদ। এবারও সভাপতি প্রার্থী তিনি। এ প্যানেলে মহাসচিব পদে লড়ছেন ডা. জহিরুল ইসলাম শাকিল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন ডা. মো. খালেকুজ্জামান দিপু।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার। তফসিল অনুযায়ী, ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩১ জুলাই প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন কেবল ফলাফলের অপেক্ষা।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত