স্বাস্থ্যখাত উন্নয়নে ধারাবাহিক সংস্কার ও প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে: স্বাস্থ্য উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতের উন্নয়নে ধারাবাহিক সংস্কার, নীতি প্রণয়ন ও যুগোপযোগী প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘স্বাস্থ্যখাতের অগ্রগতির লক্ষ্যে সরকার একযোগে বিভিন্ন অধ্যাদেশ, নীতি ও প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এটি শিগগিরই অধ্যাদেশ আকারে কার্যকর হবে। এছাড়া, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একটি নতুন স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের কাজও চলমান রয়েছে।’
তিনি আরও জানান, চীনের অনুদানে রংপুর বিভাগে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রামে ৫০০–৭০০ শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাস্থ্যখাতে ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েও কাজ চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে একটি প্রকল্প অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হয়েছে। একইসঙ্গে, বিশ্বব্যাংকের সম্ভাব্য অর্থায়নে ‘ওয়ান হেলথ’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা জলবায়ু পরিবর্তন ও প্রাণী থেকে মানবদেহে ছড়ানো রোগ প্রতিরোধে সহায়ক হবে।’
স্বাস্থ্যসেবার ব্যয় কমাতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘হার্টের রিং (করোনারি স্টেন্ট)-এর মূল্য সর্বোচ্চ ৩৬ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। একইসঙ্গে, স্টেন্টের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ শতাংশ সার্ভিস চার্জ যেন না নেওয়া হয়, সে বিষয়ে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।’
এছাড়াও ক্যান্সার নিরোধক ওষুধ প্রস্তুতের জন্য আমদানিকৃত কাঁচামালের উপর উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা আরও জানান, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবনার ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দেশের সকল ই-সিগারেট সংশ্লিষ্ট পণ্যের আমদানি নিষিদ্ধ করে গত ১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে।
পক্ষাঘাতগ্রস্ত ও আহতদের পুনর্বাসনে দেশের প্রথম রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আধুনিক রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার চালু করা হয়েছে। এখানে প্রতিদিন প্রায় ৩০০ রোগীকে উন্নত ফিজিওথেরাপি সেবা দেওয়া সম্ভব হবে।’
তিনি বলেন, ‘এই সেন্টারে ৬২টি উন্নত রোবোটিক থেরাপি ইউনিট রয়েছে, যার মধ্যে ২২টি ইউনিট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে চালিত। এটি দেশের ফিজিওথেরাপি চিকিৎসায় এক যুগান্তকারী সংযোজন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশাপাশি অন্যান্য রোগীরাও এই সেবার আওতায় আসবেন।’
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী প্রমুখ।
টিআই/