ডা. আজিজ, ডা. শাকুর পরিষদের সংবাদ সম্মেলন
‘কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ড্যাবের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা উৎসাহিত করবে’
মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সংগঠনের অভ্যন্তরে গণতন্ত্র চর্চাকে আরো উৎসাহিত করবে বলে মনে করে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান পরিষদ।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে প্যানেল পরিচিতি অনুষ্ঠান পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা। এ সময় কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটির কাছে সরবরাহ করা সদ্য বিলুপ্ত কমিটির তালিকায় অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পাঁচ দফা অঙ্গীকার সম্বলিত ইশতিহারও ঘোষণা করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড্যাব নেতৃবৃন্দ বলেন, ‘আগামী ৯ আগস্ট ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের এই প্রক্রিয়াকে আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি, এই প্রক্রিয়া সংগঠনের অভ্যন্তরে গণতন্ত্র চর্চাকে আরো উৎসাহিত করবে। এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৪ মার্চ প্রধান পৃষ্ঠপোষক ১২ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠন করেন, যার নেতৃত্বে থাকেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কমিটির নিকট নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সদ্য বিলুপ্ত ড্যাব কর্তৃক যে সদস্য তালিকা সরবরাহ করা হয় তাতে অনেক অসঙ্গতি, অনিয়ম বিদ্যমান ছিল। যেমন—
১. তালিকা থেকে প্রায় ১৫০০ আজীবন সদস্য বাদ দেয়া হয়,
২. শাখা কমিটির অনুমোদন ব্যতিত কেন্দ্র সরাসরি সদস্য অন্তর্ভুক্ত করে, যা গঠনতন্ত্র পরিপন্থী
৩. নিয়মবহির্ভূতভাবে কাউন্সিলের অনুমোদন ব্যতীত শাখা গঠন,
৪. উদ্দেশ্যমূলকভাবে স্বাচিপ সদস্যদের অন্তর্ভুক্তিক্ত,
৫. সদস্য তালিকায় একাধিকবার একই সদস্যের নামের অন্তর্ভুক্তি,
৬. মৃত সদস্যদের/চিকিৎসকদের নাম ভোটার তালিকায় দৃশ্যমান
৭. ৫ আগস্ট, ২০২৪ পর কোনো নতুন সদস্য অন্তর্ভুক্ত না করার ব্যাপারে প্রধান পৃষ্ঠপোষকের সুনির্দিষ্ট পরামর্শ থাকা সত্ত্বেও গোপনে উদ্দেশ্যমূলকভাবে পছন্দের সদস্যদের রহস্যজনক অন্তর্ভুক্তি
‘উল্লেখিত ত্রুটিসমূহ বিদ্যমান থাকায় এই বিষয় তথ্যসহ কমিটির নিকট একাধিকবার লিখিত অভিযোগ দাখিল করি এবং একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দাবি জানাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য উক্ত কমিটি বিষয়গুলো যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনায় না নেয়ায় এখনও নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ২০ জন মৃত ব্যক্তির নাম, অনেক সদস্যের অসম্পূর্ণ তথ্য দৃশ্যমান, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে আমরা মনে করি। শুধু সংশোধিত ভোটার তালিকাই নয় ড্যাবের সদস্য তালিকা থেকে বাদ দেয়া আজীবন সদস্যদের অন্তর্ভুক্তির বিষয় যে সকল সদস্য আবেদন করেছিলেন তাদের অনেকেই পবিত্র হজ্ব পালন, বিদেশে কনফারেন্সে অংশগ্রহণ, পেশাগত পরীক্ষা ও অসুস্থতার কারণে নির্ধারিত তারিখে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাদের এই অপারগতার বিষয়টি আগেই অবহিত করা হলে কমিটির আহ্বায়ক ইসমাইল জবি উল্লাহ ওই সকল সদস্যগণকে ড্যাবের ই-মেইলে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্ভুক্তির আশ্বাস দেন। তবে পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। যার ফলে ভোটার তালিকায় প্রকৃত আজীবন সদস্যরা অন্তর্ভুক্ত হতে পারেননি। যদিও গঠনতন্ত্র মোতাবেক কোন আজীবন সদস্য মারা গেলে, সংঘটনবিরোধী কোনো আচরণ, সংঘঠন ত্যাগ করলে অথবা মৃত্যুবরণ করলে শুধুমাত্র তার সদস্য পদ বাতিল বলে গণ্য হয়, সেখানে সাক্ষৎকার দিয়ে সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া ছিল অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। এই উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনের বয়োজ্যেষ্ঠ আজীবন সদস্যগণ ক্ষুব্ধ ও মর্মাহত’—বলা হয় সংবাদ সম্মেলনে।
বক্তারা বলেন, ‘আরো উল্লেখ্য যে, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী শিডিউল ঘোষণার সময় প্রার্থীর যোগ্যতা প্রকাশ না করে রহস্যজনকভাবে মনোনয়ন জমাদানের শেষ সময়ের মাত্র দুই ঘণ্টা পূর্বে প্রার্থীর যোগ্যতা প্রকাশ করা হয়।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছর দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত আজ বিপর্যয়ের মুখে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের মাধ্যমে আমরা জনগণের সেই স্বপ্ন পূরণ করতে চাই। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে স্বাস্থ্য খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে, সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নে ডা. আজিজ ডা. শাকুর প্যানেলের অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিম্নরূপ—
১. শক্তিশালী ও ঐক্যবদ্ধ ড্যাব পুনর্গঠন,
২. মেধা ও দক্ষতা ভিত্তিক চিকিৎসক সমাজ গঠন,
৩. স্বাস্থ্যখাত সংস্কার ও যুগোপযোগী স্বাস্থ্য নীতি প্রণয়নে ভূমিকা রাখা,
৪. পেশার মর্যাদা, চিকিৎসকদের নিরাপত্তা ও অধিকার সমুন্নত রাখা এবং
৫. ভিশন ২০৩০ বাস্তবায়ন
এমইউ/