ছয় চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ছয় চিকিৎসক কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন অধিদপ্তরে ভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। বাকি দুইজন ছিলেন ঢাকার বাইরে আলাদা প্রতিষ্ঠানে।
বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিতে ওই প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদেরকে ২০ জলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্ল্যানিং মনিটরিং এন্ড রিসার্চের প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং) ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ রায়হান শরীফ, উপজেলা হেলথ সার্ভিস স্ট্রেংদেনিং এন্ড রেফারেল সিস্টেমের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আশিকুর রাহমান ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান।
আরও আছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিএন্ডএএইচের আইএমসিআইয়ের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (নিউবর্ন হেল্থ) ডা. হাসান ইবনে আমিন, এডোলোসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (স্কুল হেলথ) ডা. মো. বদরুল হাসান।
তাদের সবাই স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিকল্পনা ও গবেষণায় সংযুক্ত থেকে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এমইউ/