০৯ জুলাই, ২০২৫ ০৫:২৬ পিএম

৪৮তম বিশেষ বিসিএস: ৩২ বছরের বেশি বয়সীদের পরীক্ষায় সুযোগ দেওয়ার নির্দেশ

৪৮তম বিশেষ বিসিএস: ৩২ বছরের বেশি বয়সীদের পরীক্ষায় সুযোগ দেওয়ার নির্দেশ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিশেষ বিসিএসে ৩২ বছরের বেশি বয়সীদের চিকিৎসকদের পরীক্ষায় বসার সুযোগ দিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (বিপিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৯ জুলাই) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে আজ শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

রিটকারী চিকিৎসকদের পক্ষে ঢাকা মেডিকেল কলেজের কে-৬৭ ব্যাচের ডা. মাহফুজুল হক চৌধুরী মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ জুন রিটটি দায়ের করা হয়। গত ৭ জুলাই এর ওপর শুনানি হয়, আজ আদালত আদেশ দিয়েছেন।

স্বাস্থ্য বিসিএস ক্যাডারদের বয়স বাড়ানোর দাবি দাওয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে আসছেন চিকিৎসকরা। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ পরিস্থিতিতে রিট আবেদন করা হয়।

এ প্রসঙ্গে অন্যতম রিটকারী চিকিৎসক মাহফুজুল হক বলেন, বারবার দাবি করার পরও অন্যদের মতো চিকিৎসকদের বয়স দুই বছর বাড়ানো হয়নি। আমরা আদালতের কাছে আরজি করেছি, চিকিৎসকদের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে, তার যেন অবসান হয়। আদালত চিকিৎসকদের বয়স কেন দুই বছর বাড়ানো হয়নি, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

একই সঙ্গে পরীক্ষায় বসতে আগ্রহী যেসব চিকিৎসকের বয়স ৩২ বছরের বেশি হয়েছে, তাদেরকে যেন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, রিটকারীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। একই সঙ্গে রুলও জারি করেছেন।

তবে রিটে কতজনের জন্য আবেদন করা হয়েছে তা জানাতে রাজি হননি ডা. মাহফুজুল হক চৌধুরী।

প্রসঙ্গত, গত বছরের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে পরীক্ষায় অংশগ্রহণে প্রার্থীর সর্বোচ্চ বয়স রাখা হয় ৩২ বছর, যেখানে চিকিৎসক ব্যতীত অন্যদের বয়স আগে ছিল ৩০ বছর। ওই সময়ে চিকিৎসকরা ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পেতেন। কিন্তু ৪৭তম বিসিএস থেকে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সবার বয়স বাড়লেও চিকিৎসকরা বঞ্চিত হওয়ায় আন্দোলনে নামেন তারা। অন্তত দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের বয়স ৩৪ বছর করার দাবি ওঠে।

ওই সময়ে সরকার চাইলে চিকিৎসকদের বয়সসীমা বাড়ানো যেতে পারে বলে মেডিভয়েসকে জানিয়েছিলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তিনি বলেন, ‘একজন চিকিৎসক বিসিএসে অংশ নিতে গড়ে আট বছর সময় পান। অন্যরা পাচ্ছেন দশ বছর। সে হিসাবে সরকার চাইলে তাদের বয়সসীমা আরও বাড়ানো যেতে পারে।’

এদিকে গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। মূলত দেশের চিকিৎসা খাতে জনবল সংকট দূরীকরণে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে। প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩ জুন আরেক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আগামী ১৮ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। এর ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। দ্রুত মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

ইতোমধ্যে অনলাইনে ৪৮তম বিসিএসের আবেদন শেষ হয়েছে। গত ১ জুন শুরু হওয়া আবেদন শেষ হয় ২৫ জুন। পরে গত ১ জুলাই এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে পিএসসি। একই সাথে আগামীকাল বৃহস্পতিবার প্রবেশপত্র উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমইউ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ৪৮তম বিশেষ বিসিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত