সিওমেকে বোনস ব্যাংকের যাত্রা শুরু
মেডিভয়েস রিপোর্ট: যাত্রা শুরু করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) বোনস ব্যাংক। শনিবার (২৮ জুন) সকালে কলেজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবাগত ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সকাল ৯টায় মেহেদী হাসানের তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়।
সিওমেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ইশতিয়াক আহমেদ। আরও বক্তব্য রাখেন দাতা সদস্য হাফেজ মাসুদুর রহমান, বোনস ব্যাংকের উপদেষ্টা ডা. এম আর সিফাত এবং ইন্টার্ন চিকিৎসক ডা. আদনান মাহমুদ তামিম।
সহজ উপায়ে বোনস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে একজন শিক্ষার্থী বলেন, ‘এভাবে নামমাত্র জামানতে বোনস হাতে পেয়ে ভালো লাগছে। আমার বিশ্বাস, সব শিক্ষার্থী, বিশেষত অস্বচ্ছল ছাত্র-ছাত্রীরা বোনস বিক্রির সিন্ডিকেটের গ্রাস থেকে মুক্তি পাবে।’
তবে এখানেই থেমে থেকে পর্যায়ক্রমে এগিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন উদ্যোক্তারা। স্বেচ্ছাসেবকরা জানান, আগামী বছরগুলোতে যাতে সব শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় আসতে পারেন, সে জন্য এখন থেকেই কার্যক্রম ও ডোনেশন সংগ্রহের কাজ চলছে। এ ছাড়া গ্রাহকদের একাডেমিক পড়ালেখা সংক্রান্ত সহায়তা করারও আশ্বাস দেন তারা।
অনুষ্ঠানে মেডিকেল কলেজের এনাটমি বিভাগের অধ্যাপক ডা. পঙ্কজ পাল বলেন, ‘এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং শিক্ষার্থীবান্ধব একটি উদ্যোগ।’
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী বোনস ব্যাংকের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশনামূলক আলোচনা করেন।
তিনি বলেন, ‘লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের এ ধরনের কল্যাণমূলক কাজেও উদ্যোগী হওয়া উচিত। আমি আশা করছি, এই প্রকল্পটি পরবর্তী বছরগুলোতে আরো সমৃদ্ধ হবে এবং আরো বিপুল সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে।’
এরপর মেডিকেলের ৬৩তম প্রজন্মের শিক্ষার্থীদের হাতে অঙ্গীকারনামা ও সংরক্ষণের জন্য ট্রাংকসহ বোনস সেট তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ। স্বল্প জামানতের মাধ্যমে ৩৮ জন শিক্ষার্থীর মাঝে ১৯ সেট বোনস প্রদান করা হয়।
এ ছাড়াও বক্তব্য রাখেন এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুদীপ্তা চৌধুরী এবং ডা. ইফতেখার আহমেদ। আয়োজনে আরো উপস্থিত ছিলেন বোনস ব্যাংকের স্বেচ্ছাসেবক ও দাতা সদস্যগণ, যারা ধর্মীয় বা মানবিক চিন্তা থেকে এ উদ্যোগের অংশ হয়েছেন।
তথ্য সরবরাহ: তানজিম আহছানন
শিক্ষার্থী, সিওমেক-৬১তম ব্যাচ