মমেকের এমএমসি বোনস ব্যাংকের উদ্যোগে মানব কঙ্কাল বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) স্বেচ্ছাসেবী সংগঠন এমএমসি বোনস ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মানব কঙ্কাল (হিউম্যান স্কেলিটন) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে মমেক বয়েজ হোস্টেলের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ৬২তম ব্যাচের ২৪ জন শিক্ষার্থীর মাঝে সাত সেট মানব কঙ্কাল আমানত হিসেবে হস্তান্তর করা হয়। বিতরণকৃত অস্থিগুলোর বাজারমূল্য প্রায় দুই লক্ষ ৫০ হাজার টাকা, যা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমেক বোনস ব্যাংকের তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম, উপদেষ্টা ফয়সাল মাহমুদ, মেডিকেল দাওয়াহ সোসাইটির পরিচালক জোবায়ের আহমেদ, বোনস ব্যাংক কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। যারা নিঃস্বার্থভাবে দান ও শ্রমের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং মহান আল্লাহ তায়লার দরবারে তাঁদের এই আত্মত্যাগ কবুলের দোয়া করা হয়।
এমআই/