ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত আরও ১০১
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১০১ জন। আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন। এ নিয়ে চলতি বছরে ২৩ জনের মৃত্যু হলো।
আজ মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে মোট তিন হাজার ৬৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ২৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। আর আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সর্বোচ্চ ৪২, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০, দক্ষিণ সিটিতে ২৪, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুই, ময়মনসিংহ (সিটি কর্পোরেশনের বাইরে) এক এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন একজন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে আক্রান্তদের সিংহভাগই পুরুষ, ৬০ শতাংশ। মৃতদের হারও একই, ৫৬.৫ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ১৩ জন। বাকিদের মধ্যে বরিশালে তিন, চট্টগ্রামে দুই, ঢাকা বিভাগে এক, ঢাকা দক্ষিণ সিটিতে এক, খুলনায় দুই এবং ময়মনসিংহ বিভাগে একজন।
আর আক্রান্তের শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৪। অন্যান্য আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৬৫৬, ঢাকা বিভাগে ৪৬১, ঢাকা উত্তর সিটিতে ৫৭৬, খুলনায় ১৫২, ময়মনসিংহে ৮০, রাজশাহী বিভাগে ৬৪, রংপুর বিভাগে ১৬ এবং সিলেট বিভাগে রয়েছেন ১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, চলতি মে মাসের ২০ দিনেই গত জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ছুঁইছুঁই অবস্থা। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত ছিলেন এক হাজার ১৬১ জন। আর মে মাসের ২০ দিনে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫ জন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬ এবং এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৭০১ জন। তবে জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হলেও মে মাসের ২০ দিনে মৃত্যু হয়েছে তিন জনের। এ ছাড়া ফেব্রুয়ারিতে তিন এবং এপ্রিলে সাতজনের মৃত্যু হয়েছে। মার্চে কোনো মৃত্যু নেই।
এনএআর/
-
২ ঘন্টা আগে
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬