বিএমইউতে বৈষ্যম্যবিরোধী শিক্ষক, চিকিৎসকদের ইফতার মাহফিল
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বৈষ্যম্যবিরোধী শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিএমইউর শহীদ ডা. মিলন হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটো সভাপতিত্বে ও বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু, বিশেষ অতিথি ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, ন্যাশনাল ডক্টর ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ডা. আতিয়ার রহমান। বিএমইউর সাবেক ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ডা. শাহিদুল হাসান বাবুল, ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব ডা. হাসনুল আলম শামীম, যুবদল নেতা গোলাম মওলা শাহীন, সাবেক কমিশনার খাজা হাবিবুল্লাহ হাবিব, ডা. আব্দুস সালাম, ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. শাহরিয়ার শামস লঙ্কর, ডা. আকবর হোসেন, বিএমইউর কর্মকর্তা ডা. এ কে এম কবীর আহমেদ রিয়াজসহ বৈষ্যম্যবিরোধী শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে বিএমইউতে চিকিৎসাধীন চব্বিশের গণঅভ্যুত্থানে আহতরাও অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু বলেন, ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। এই সময়ে ঐক্য ধরে রাখতে হবে। তা না হলে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি বিশ্বাস করে আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি এককভাবে ক্ষমতায় গেলেও রাষ্ট্র মেরামত ও দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জাতীয় সরকার গঠন করবে।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার গত ১৭ বছর ধরে বিএনপি নেতা-কর্মীদের উপর যে পরিমাণ হত্যা, গুম খুন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তা এক দীর্ঘ ইতিহাস। এতো ত্যাগের বিনিময়ে অর্জিত সুযোগ ও স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জননেতা তারেক রহমানের দেশে ফেরার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে। দেশবাসী জননেতা তারেক রহমানের দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ বিশ্বাস করে জননেতা তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র নায়ক। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনতার ভোটে বিএনপি বিজয় লাভ করে জননেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, সেটাই জনগণের প্রত্যাশা।
বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, দেশবাসী গত ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুন প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছে। চূড়ান্ত বিজয় এখনো আসেনি। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ভোট দিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করে জনগণের পছন্দের দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই হবে চূড়ান্ত বিজয়। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় অর্জন করবে এবং জননেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবেন।
অন্য বক্তারা প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদ মুক্ত করার জোর দাবি জানান। বাংলাদেশে যাতে আর বৈষম্য ফিরে না আসে সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়। তারা বিএমইউতে জুলাই গণঅভ্যুত্থানে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের বিচারের দাবি জানান।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনা করা হয়। এ ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের এবং শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
টিআই/এমইউ