এনডিএফ ঢাকা দক্ষিণের ইফতার অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে এই ইফতার অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসকদের মানবসেবায় ভূমিকা, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডা. এমজি ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও নাক, কান ও গলা (ইএনটি) সার্জন ডা. মারুফ শাহরিয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল।
আরও ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার। তিনি বলেন, ‘চিকিৎসকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।’
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদ পরবর্তী সমাজ সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি স্বাস্থ্যসেবা খাতে নীতিমালা প্রণয়ন এবং চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।’
এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম চিকিৎসকদের ন্যায়-সঙ্গত অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, ‘একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, বরং সমাজ বিনির্মাণেও তাদের ভূমিকা অনস্বীকার্য।’
ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে জুলাই বিপ্লবে চিকিৎসকদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। বলেন, ‘চিকিৎসকদের উচিত বিপ্লবের চেতনা ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করা।’
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার চিকিৎসক অংশ নেন।
এমআই/এমইউ