০৫ মার্চ, ২০২৫ ০৪:৪০ পিএম

১২ মার্চ পর্যন্ত টানা কর্মবিরতির ঘোষণা ইউমবের

১২ মার্চ পর্যন্ত টানা কর্মবিরতির ঘোষণা ইউমবের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় পাঁচ দফা দাবি জানিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত জোট ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব)। দাবি আদায়ে আজ বুধবার (৫ মার্চ) থেকে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুরু হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি।

মঙ্গলবার (৪ মার্চ) সম্মিলিত ঘোষণাপত্রের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ইউমবের পাঁচ দফা দাবি হলো‘এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ব্যতিত অন্য কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।’

এ ছাড়া ‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে। অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে’।

পাঁচ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ৫ থেকে ১০ মার্চ প্রতিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালক এবং বিভাগীয় প্রধান বরাবর স্মারকলিপি প্রদান, কর্মসূচির ব্যাপারে অবহিতকরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং অনলাইন প্রচারণা চলবে। আগামী ৬ থেকে ১১ মার্চ দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন এবং মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবেন, পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এ ছাড়া আগামী ১০ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে ইউমব।

ঘোষণাপত্রে আরও জানানো হয়, আগামী ১২ মার্চ দাবি পূরণ না হওয়া পর্যন্ত  ক্লাস বর্জন ও কর্মবিরতি পালনের পাশাপাশি সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবেন চিকিৎসকরা। একই সাথে ঢাকার বাইরে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ১২ মার্চ রায় প্রদান না করা হলে এবং অন্যান্য দাবি না মেনে নিলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলমান থাকবে বলে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত