ঢাকা মেডিকেলে লটারির মাধ্যমে ইন্টার্নশিপের প্লেসমেন্ট
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৭৬তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের প্লেসমেন্ট লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে। শনিবার (১ মার্চ) অধিকাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে ইন্টার্ন রোটেশন লটারি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, সবার পছন্দের রোটেশনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এই লটারি।
শিক্ষার্থীরা জানান, এতদিন সাধারণত তারা নিজেদের পছন্দের রোটেশন, ইউনিট পছন্দ করতে পারতো না। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা ও তাদের অনুসারীরা নিজেদের পছন্দের বিষয় এবং ইউনিটে নিজেদের যুক্ত করতো। আর অপছন্দের সহপাঠীদের ওপর বিষয় ও অপছন্দের ইউনিট চাপিয়ে দিতো। সব চলতো তাদের কথা মতো। এখানে সাধারণ শিক্ষার্থীদের কোনো চাওয়ার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে এই বৈষম্যের অবসান হয়েছে।
শিক্ষার্থীদের অঙ্গীকার, ‘এত দিন চলে আসা বৈষম্য আর ডিএমসিতে চলতে দেওয়া যাবে না। তার লক্ষ্যে ব্যাচের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই লটারি অনুষ্ঠিত হয়। এতে সবার সমান সুযোগ নিশ্চিত করা হয়।’
এই পদক্ষেপকে ঐতিহাসিক ও বিশেষ ঘটনা উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, বৈষম্যের নিরসন হলো। সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণে এটা অন্যান্য মেডিকেলের সংশ্লিষ্টদের উৎসাহিত করবে। সকল ব্যাচের ব্যাচের জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সাবেক সভাপতি ডা. আবরার হামীম বলেন, অসাধারণ উদ্যোগ। এভাবে রোস্টার হওয়া উচিত। ৭৬ এর সবাইকে ইন্টার্নশিপের জন্য অগ্রীম শুভেচ্ছা।
আইডিএসের সাধারণ সম্পাদক ডা. রিফাত মাহবুব বলেনে, ‘ইতোপূর্বে ছাত্রলীগের নেতারা নিজের সুবিধামতো ইন্টার্ন প্লেসমেন্ট নিতো এবং বাকিদের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো রোস্টার করতো। শিক্ষকদের উপস্থিতিতে কে-৭৬ ব্যাচে লটারির মাধ্যমে ইন্টার্নশিপের প্লেসমেন্ট নির্ধারণ সবার সমঅধিকারের বিষয়টি নিশ্চিত করেছে।’
এমইউ/