নতুন বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের
মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির কোন বিকল্প নেই বলে জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার (২৬ ফেব্রুয়াারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৫-২৬ বাজেটে তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির আবশ্যকতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে তামাকজাত পণ্যের কার্যকর করারোপ এবং মূল্য বৃদ্ধির যৌক্তিকতা ও প্রস্তাবনা তুলে ধরে বলা হয়, বর্তমানে দেশে নিম্ন, মধ্যম, উচ্চ, ও অতি উচ্চ—এই চার স্তরের সিগারেট বিক্রি হচ্ছে। আসন্ন অর্থবছরে নিম্ন ও মধ্যম—এই দুটি স্তরকে একীভূত করে একটি নতুন স্তর তৈরি করে মোট স্তরের সংখ্যা তিনটিতে নামিয়ে আনা দরকার। একই সাথে এই নতুন তিন স্তরের সিগারেটের দশ শলাকার একেকটি প্যাকেটের দাম যথাক্রমে ৯০ টাকা, ১৪০ টাকা, ও ১৯০ টাকা ধার্যের প্রস্তাব করা হয়।
গ্লোবাল ইয়ুথ টোব্যাকো জরিপের তথ্যমতে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে ধূমপান আসক্ত কিশোর-কিশোরীর হার সবচেয়ে বেশি। বাংলাদেশে প্রায় ১২ শতাংশ কিশোর-কিশোরী নিয়মিত ধূমপানে আসক্ত। তাই ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির কোনো বিকল্প নেই।
স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিন অ্যান্ড ইনিশিয়েটিভের (গ্যাভী) চেয়ারম্যান ডা. নিজাম উদ্দীন আহম্মেদ তামাকজাত পণ্যে ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, টোব্যাকো এটলাস ২০১৮—এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর প্রায় এক লাখ ৬১ হাজার মানুষ অকাল মৃত্যুবরণ করেন। সে হিসেবে প্রতিদিন ৪৪২টি প্রাণ অকালে ঝরে যাচ্ছে। তামাকের কারণে বিভিন্ন রোগ—যেমন হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি শ্বাসরোগ, ক্যান্সার, কিডনি রোগ এবং আঘাতজনিত রোগ ক্রমেই বাড়ছে।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, তামাকজাত পণ্য ব্যবহারের ফলে সৃষ্ট রোগের কারণে তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই অকাল মৃত্যু হ্রাসে বর্তমান সরকারকে এখনই তামাকজাত পণ্যের উপর কার্যকর করারোপ এবং মূল্য বৃদ্ধি করতে হবে জানান ডা. নিজাম উদ্দীন আহম্মেদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি-টোব্যাকো ক্লাবের প্রেসিডেন্ট মুতাসিম বিল্লাহ (মাসুম) তরুণ প্রজন্মকে আহ্বান করে বলেন, তামাকজাত পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এ ছাড়া তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারকে আসন্ন ২০২৫-২৬ বাজেটে তামাকজাত পণ্যের উপর কর ও মূল্য বৃদ্ধি করার অনুরোধ জানান তিনি।
এমআই/এনএআর/
-
৩০ এপ্রিল, ২০২৫
-
১৮ মার্চ, ২০২৫
-
২৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ ফেব্রুয়ারী, ২০২৫