পরিচালক-যুগ্ম পরিচালকের পদত্যাগ দাবিতে নিন্সে চিকিৎসকদের কর্মবিরতি
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলমের পদত্যাগের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন সর্বস্তরের চিকিৎসকরা। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৪র্থ শ্রেণীর কর্মচারী ও আউটসোর্সিংয়ের লোকদের হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হওয়ার ঘটনায় এই ঘোষণা দিয়েছেন তারা।
তবে জরুরি ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সেবা অব্যাহত আছে।
চিকিৎসকদের অভিযোগ, হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত।
খোঁজ নিয়ে জানা গেছে, চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাঁকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সকালে হাসপাতালের ৪০২ নম্বরে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও আউটসোর্সিংয়ের লোকজন তাদের অবরুদ্ধ করে হামলা চালায়।
অভিযোগের সত্যতা জানতে অধ্যাপক দীন মোহাম্মদকে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। নিয়মিত বিরতিতে দেওয়া তৃতীয়বারের ফোন কলটি কেটে দেন তিনি।
এনএআর/এমইউ