জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। আজ রোববার (১৯ জানুয়রি) বিকেল সাড়ে ৫টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, বাবুল কাজীর শরীর ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সবশেষ রোববার বিকেলে তিনি মারা গেছেন।
এর আগে শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বনানী ১০৯ নম্বর রোডের এ ব্লকের ২৩ নম্বর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। এ অবস্থায় স্বজনরা তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইস্টিটিউটে ভর্তি করেন।
বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী বলেন, বাবুল কাজী ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী। স্ত্রী নাদিরা ফারজানা রুনা, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বনানীর বাসায় থাকতেন তিনি।
তিনি বলেন, বাবুল কাজীর ধূমপানের অভ্যাস ছিল। শনিবার ১৮ জানুয়ারি ভোরে বাথরুমে গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। তখন তিনি নিজেই বাথরুমের দরজা খুলে বাইরে বের হন। স্ত্রী সন্তানরা মিলে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে আসেন।
এসএইচবি/এসএইচ