ডেঙ্গুতে মৃত্যু ১০ জনের, আক্রান্ত আরও ৮৮৬
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিচ্ছেন আরও ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৯৩৮ জন রোগী।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৪৮ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৭১২ জন। এর মধ্যে ৮১ হাজার ৪৫৬ জনই ছাড়পত্র পেয়েছেন।
অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে মৃত্য বরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনজন রয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) একজন করে মৃত্যু রয়েছে।
আক্রান্তদের সর্বোচ্চও ঢাকা বিভাগে। ঢাকার দুই সিটিতে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। এ মধ্যে ঢাকা উত্তরে ২০৬ এবং দক্ষিণে রয়েছেন ১৬৭ জন। আর সিটি কর্পোরেশনের বাইরে রয়েছেন আরও ১২১ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৪৪, চট্টগ্রামে ৬৯, খুলনায় ১০৭, ময়মনসিংহে ২৭, রাজশাহীতে ৪০, রংপুরে চার এবং সিলেট বিভাগে একজন করে আক্রান্ত রয়েছে।
মৃত্যু সর্বোচ্চ ঢাকা দক্ষিণে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মোট ৪৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই মারা গেছেন ১৯৩ জন। এ ছাড়া উত্তর সিটিতে ৭৭ এবং সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে মৃত্যু হয়েছে ৩০৭ জনের, যার মধ্যে ২৭০ জনই ঢাকার দুই সিটির।
এ ছাড়া সিটি কর্পোরেশনের বাইরে বরিশালে ৪৯, চট্টগ্রামে ৪৬, খুলনায় ২৪, ময়মনসিংহে ১৩, রাজশাহীতে ছয় এবং রংপুরে দুইজনের মৃত্যু হয়েছে। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মারা গেছেন আরও একজন।
আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, ১৮ হাজার ২৫৩ জন। এ ছাড়া দক্ষিণে ১৫ হাজার ২৮৭ এবং সিটির বাইরে ঢাকা বিভাগে ১৫ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন।
ঢাকার বাইরে সর্বোচ্চ আক্রান্তের হার চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মাত্র ৪৫ জন আক্রান্ত হলেও বিভাগে আক্রান্ত হয়েছে মোট ১৩ হাজার ৬১৪ জন। এর বাইরে বরিশালে সাত হাজার ৪৬৫, খুলনায় আট হাজার ১৮৭, ময়মনসিংহে দুই হাজার ৮৩৭, রাজশাহীতে তিন হাজার ৫৩, রংপুরে এক হাজার ৩৫৩ এবং সিলেট বিভাগে মোট ২৬০ জন আক্রান্ত হয়েছেন।
অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে অক্টোবর মাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে। ওই মাসে মোট আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৮৭৯। বিপরীতে চলতি মাসের ২৩ দিনেই আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৮৯৫ জন। এ ছাড়া চলতি মাসের ২৩ দিনেই গত মাসের মৃত্যু ছুঁইছুঁই অবস্থা। ওই মাসে মৃত্যু হয়েছিল ১৩৫ জনের, এ মাসের ২৩ দিনেই সেখানে মারা গেছে ১৩৩ জন।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬