রিমান্ডে অসুস্থ শাজাহান খান, ঢাকা মেডিকেলে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রিমান্ডের সময় অসুস্থ বোধ করেন। এ অবস্থায় বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেলের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা মেডিভয়েসকে জানিয়েছেন, শাজাহান খান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডিবি পুলিশের পাহারায় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রথমে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার ইসিজি করা হয়। তার উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। তা ছাড়া তার ডায়াবেটিস ও হৃদ্রোগের সমস্যাও রয়েছে।
জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়েছে। এর পর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অনেকে দেশ ছাড়লেও অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।
এমইউ/