মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২-৩ দিনের মধ্যে
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে শুক্রবার বিবেচনায় এর আগেও পরীক্ষা নেওয়া হতে পারে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সভা থেকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
আজ রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য মেডিভয়েসকে নিশ্চিত করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রস্তাব করা হলেও সেটি চূড়ান্ত নয়। আগামী ২৯ অথবা ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা হওয়ার কথা রয়েছে। সেখান থেকেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে।
তবে ১৪ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত না হলে এর আগের কোনো শুক্রবারে পরীক্ষার সিদ্ধান্ত আসবে বলে জানান অধিদপ্তরের শীর্ষ ওই কর্মকর্তা। অর্থাৎ সম্ভাব্য তারিখ থেকে পরীক্ষা পেছানোর তেমন সম্ভাবনা নেই।
এ ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ মার্ক কমানোর বিষয়ে তেমন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। বলেন, বিভিন্ন মহলে এ নিয়ে মন্তব্য থাকলেও এ ব্যাপারে কোনো কথা হয়নি। তবে, এ নিয়ে বেশ কিছু আবেদন জমা পড়েছে যা বিবেচনা করে দেখা হচ্ছে, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়।
কিন্তু ভর্তি পরীক্ষায় মৌলিক কোনো পরিবর্তন হবে না বলে জানান ওই কর্মকর্তা। সেক্ষেত্রে, জিপিএ মার্ক কমানো হবে কিনা তা জানতে তাকিয়ে থাকতে হবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে।
মেডিকেল ভর্তিতে ১০০ নম্বর থাকে এমসিকিউ পরীক্ষার ওপর এবং ১০০ নম্বর থাকে এসএসসি ও এইচএসসি’র জিপিএ-এর ওপর। তবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন দিক বিবেচনায় এ বছর কমানো হতে পারে জিপিএ মার্ক।
প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি। প্রায় প্রতি বছর সারাদেশে এ পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
এনএএন/