৪৪তম ও ৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৫ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও এতে উল্লেখ করা হয়।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ৪৬তম বিসিএসের লিখিত (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে সব মিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২ হাজার ৭৪টি।
এ ছাড়া এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।
এ ছাড়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে কারফিউ জারি হলে ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা স্থগিত হয়। এসব পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায় পিএসসি।
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়। তাতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। এই বিসিএসে ২৫টি ক্যাডারে পদ রয়েছে ১ হাজার ৭১০টি।
এ সকল পদের মধ্যে সাধারণ ক্যাডারে ৪৪৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪০১ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ২০ জন ও কারিগরি শিক্ষায় ৩৫৫ জন নিয়োগের কথা রয়েছে।
এনএএন/