ডা. কাজেম আলী হত্যার বিচার দাবিতে রামেকে মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদের হত্যায় জড়িত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২৪ আগস্ট) রামেকের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়। নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মবচারীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সহকর্মী ডা. কাজেম আলী আহমেদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, হত্যাকান্ডের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো আসামী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটা অত্যন্ত দুঃখজনক ও আমাদের জন্য ঝুঁকির।’
তারা আরো বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক।’
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ড্যাব নেতা ডা. ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ডা. কাজী মহিউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ডা. মুর্শেদ জামান মিঞা, ড্যাব নেতা ডা. মনোয়ার তারিক সাবু, ডা. ফারহান ইমতিয়াজ, এনডিএফ নেতা ডা. হাসানুজ্জমান হাসু, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ডা. আপেল মাহমুদ প্রমুখ।
এ ছাড়া নিহত ডা. কাজেম আলীর সহপাঠী ডা. শাহানা পারভীন রিতু, বড় ছেলে আবরার ফারহান আহমে্মদ সাদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর গভীর রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ। তিনি নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে চিকিৎসা দিতেন।
প্রতিদিনের মতো ওই দিনও রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তার মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু রাত ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ডা. কাজেম আলী আহমেদ।
এনএআর/
-
০২ নভেম্বর, ২০২৩