গাজায় পোলিও মহামারী ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজা উপত্যকায় পোলিও মহামারী ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে স্বাস্থ্য সংকটের এমন পরিস্থিতির জন্য ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে দায়ী করা হয়েছে। অপরদিকে গাজায় পোলিও প্রতিরোধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পোলিও পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর জন্য স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে গাজায় কম্পোনেন্ট পোলিওভাইরাস টাইপ-২ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুর মধ্য থেকে সংগ্রহ করা হয়।
গত শুক্রবার পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভাইরাস শনাক্ত হওয়ার পর গাজায় ১০ লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দেয় ডব্লিউএইচও। শিশুদের পোলিও ভাইরাস থেকে রক্ষা করার জন্য এসব টিকা দেওয়া হবে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে যথাযথভাবে টিকা কর্মসূচি নিশ্চিত করা সম্ভব না। তাই পোলিও প্রতিরোধে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ২৯ জুলাই অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
এনএআর/