সারাদেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: দেশে চলমান আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে সকল স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ‘বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে আন্দোলনকারী শিক্ষার্থী, সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আইন-শৃঙ্খলা বাহিনী মুখোমুখি অবস্থানে নেয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) রাজধানী। দেশের অন্যান্য শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এ সহিংসতা।
আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় সারাদেশে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।
কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর মধ্যে রাজধানীর সায়েন্সল্যাব ও বাড্ডায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।
অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল রাজধানীর মহাখালীর রেললাইন অবরোধ করলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার রাতে ঢাবি ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০০ জন আহত হন। সোমবার মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে উভয়পক্ষের ব্যাপক সংখ্যক শিক্ষার্থী আহত হন।
এমইউ/