২৪ জুন, ২০২৪ ০৭:১৭ পিএম
ছয় মাসের বিল বকেয়া

বিদ্যুৎ বিচ্ছিন্ন চট্টগ্রাম মেডিকেল কলেজ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক

বিদ্যুৎ বিচ্ছিন্ন চট্টগ্রাম মেডিকেল কলেজ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক
চট্টগ্রাম মেডিকেল কলেজ। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দীর্ঘ ছয় মাসের বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (২৪ জুন) সকালে সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে আবেদনের প্রেক্ষিতে ৫ ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে আবারও বিদ্যুৎ সংযোগ সচল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার সন্ধ্যায় মেডিভয়েসকে বলেন, ‘বাজেট পেলেই বকেয়া পরিশোধ করা হবেএমন আবেদনের পর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।’

বিল প্রদানে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘করোনা মহামারিতে কলেজ বন্ধের সময় প্রতিষ্ঠান পরিচালনা ব্যয় কম হয়েছিল। ফলে ওই সময় বাড়তি টাকা ফেরত চলে যায়। খরচ কম দেখে মন্ত্রণালয় পরের বছর থেকে বাজেট কমিয়ে দিয়েছে। কিন্তু কলেজ পুরোপুরি সচল হওয়ার পর থেকে খরচ আবার বেড়ে যাওয়ায় সেই অর্থের ঘাটতি থেকে যায়।’

গত দুই বছর ধরে এই সমস্যা হচ্ছে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘বাজেট বৃদ্ধি করা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিষয়গুলো তুলে ধরে বাজেট বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।’

জানা গেছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই মেডিকেলের বিল পরিশোধ করা হয়েছিল। এর পরের ছয় মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা হয়নি। বিল পরিশোধ করতে বিদ্যুৎ বিভাগ থেকে ১১ জুন মেডিকেলের অধ্যক্ষের কাছে নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের চারটি বিদ্যুৎ সংযোগের নামে এক কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার বিল বকেয়া রয়েছে। সাত দিনের মধ্যে বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও নোটিশে জানানো হয়।

এরই ধারাবাহিকতায় কলেজের সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ। তবে রোগীদের চিকিৎসা চলমান থাকায় হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

এনএএন/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত