ডা. জামাল উদ্দিনের মৃত্যুতে স্বাচিপ’র শোক
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন খলিফার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
আজ সোমবার (২৪ জুন) সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক ডা. কাওছার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ডা. জামাল উদ্দিন খলিফার মৃত্যুতে স্বাচিপ সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন শোক প্রকাশ করেছেন। এর আগে আজ সোমবার (২৪ জুন) ভোর পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. জামাল উদ্দিন।
ডা. জামাল উদ্দিন খলিফা ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। সেইসঙ্গে তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ও পরিচালক (মানব সম্পদ) ছিলেন। এ ছাড়া এই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫৩ সালের ১২ আগস্ট ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলখানকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন ডা. জামাল উদ্দিন।
এনএএন/