বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হলে রোগীদের বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি
মেডিভয়েসর রিপোর্ট: দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা গেলে চিকিৎসা সেবার জন্য রোগীদের বিদেশমুখী প্রবণতা কমে যাবে বলে মনে করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদও দেন তিনি।
আজ সোমবার (২৪ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস) নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা দেয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের ফলে চিকিৎসা বিজ্ঞানেও দ্রুত পরিবর্তন আসছে। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হলে মূল্যবান বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। জনগণও কম খরচে উন্নত চিকিৎসা পাবে।
সাক্ষাৎকালে বিসিপিএসের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি বিসিপিএসের একাডেমিক কার্যক্রম ও ডিগ্রি প্রদানের সার্বিক প্রক্রিয়া রাষ্ট্রপতিকে অবহিত করেন।
অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা জানান, বিসিপিএস থেকে ইতিমধ্যে ৮৮১৫ জন চিকিৎসক ফেলোশিপ (এফসিপিএস) এবং ৩৭৯১ জন চিকিৎসক মেম্বারশিপ (এমসিপিএস) লাভ করেছেন।
এনএএন/এএনএম