২২ জুন, ২০২৪ ০৫:৩৭ পিএম

সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ লাখ শিশু, ডুবেছে দেড়শ’ কমিউনিটি ক্লিনিক: ইউনিসেফ

সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ লাখ শিশু, ডুবেছে দেড়শ’ কমিউনিটি ক্লিনিক: ইউনিসেফ
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে এসব তথ্য জানান। ছবি: ইউনিসেফ

মেডিভয়েস রিপোর্ট: সিলেট বিভাগে আকস্মিক বন্যায় ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ৭ লাখ ৭২ হাজারের বেশি। এ ছাড়া বন্যায় ডুবেছে ১৪০ কমিউনিটি ক্লিনিক। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ।

গতকাল শুক্রবার (২১ জুন) বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে শেলডন ইয়েট বলেন, ‘বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। আকস্মিক এই বন্যায় ইতোমধ্যে ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে ৭ লাখ ৭২ হাজারের বেশি শিশু। তাদের জরুরি সহায়তার প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বন্যার পানি বৃদ্ধির সময় শিশুরাই সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। তারা ডুবে মারা যাওয়া, অপুষ্টি ও মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া, বাস্তুচ্যুতির আতঙ্ক এবং জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিুতে পড়ে।’

শিশুদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করা ইউনিসেফের অগ্রাধিকার উল্লেখ করে শেলডন ইয়েট বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ সরকার এবং মাঠপর্যায়ের অংশীদারদের সাথে সমন্বয় ও অংশীদারিত্বে, আমরা বিগত ৫ দিনের মধ্যে প্রায় এক লক্ষ বন্যা কবলিত মানুষের কাছে নিরাপদ পানি বিতরণ করেছি এবং ৩ হাজারের বেশি ১০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানির পাত্র বিতরণ করেছি। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে তা মোকাবিলায় আমরা বিভিন্ন গুদাম থেকে জরুরি ভিত্তিতে অতিরিক্ত জরুরি সরঞ্জাম আনছি।’

বিবৃতিতে বলা হয়, ‘১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ঈদের ছুটিতে স্কুল বন্ধ ছিল। এরই মধ্যে সিলেট বিভাগে ৮১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। তাছাড়া, ৫০০টি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এছাড়াও প্রায় ১৪০টি কমিউনিটি ক্লিনিক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ ছাড়া নদীগুলোর পানি বিপজ্জনক উচ্চতায় প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

শেলডন ইয়েট আরও বলেন, ‘কঠিন এই সময়ে সম্ভাব্য সহিংসতা নিরসনে এবং ট্রমা বা আতঙ্ক কাটিয়ে উঠতে শিশুদের সহযোগিতা করতে শিশু সুরক্ষা সমাজকর্মীরা পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।’

প্রসঙ্গ, ভারতের উজান থেকে নেমে আসা আকস্মিক ঢলে আবারও বন্যা কবলিত হয়ে পড়েছে সিলেট বিভাগের জেলাগুলো।

শুক্রবার রাতে সিলেট জেলা প্রশাসনের বন্যা প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সিলেট সিটি করপোরেশনের ১৩টি ও জেলার চারটি পৌরসভাসহ ১২০টি ইউনিয়ন প্লাবিত রয়েছে। জেলার ১ হাজার ৪৯৮টি গ্রাম প্লাবিত রয়েছে।

জেলার ৩৬৬ আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার ২৭৫ জন আশ্রয় নিয়েছেন। বন্যাদুর্গত এলাকায় ৯ লাখ ৭৮ হাজার ২২৩ জন মানুষ পানিবন্দি রয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউনিসেফ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক