নিরাপদ পানি-স্যানিটেশনে বরাদ্দ কমেছে সাড়ে ২২ শতাংশ: পিপিআরসি
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন (ওয়াশ) খাতে সাড়ে ২২ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার পিপিআরসির অফিসে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে ওয়াশ খাতে মূল বাজেটের তুলনায় বরাদ্দ কমানো হয়েছে ১৮ শতাংশ। প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ আরও কম। সুনির্দিষ্ট খাতভিত্তিক বরাদ্দগুলোর ওপরই মানুষের জীবনমান নির্ভর করে।
বিগত বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটেও ওয়াশ খাতে বরাদ্দ কমানো হয়েছে। অথচ অবহেলিত এ খাতের প্রয়োজনীয়তা রয়েছে দেশে। তাই অন্তত চলতি ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটের সমপরিমাণ বরাদ্দ আগামী বাজেটে দেওয়ার সুপারিশ করেছেন তিনি।
এ সময় শুধু পাকা পায়খানার ব্যবস্থা থাকলেই হবে না, মানব বর্জ্য নদীতে পড়ছে কিনা, সেটার সঠিক ব্যবস্থাপনা করা স্বাস্থ্য পরিচর্যার জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। বলেন, সুপেয় ও নিরাপদ পানি কত সংখ্যক মানুষ পাচ্ছে, স্যানিটেশনে আমরা কতদূর এগিয়েছি, এসব বিষয়ও ভেবে দেখতে হবে।
এনএএন/