ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার সকল সরকারি হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ জুন) ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময় ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ঢাকাবাসীকে এডিস মশার প্রজননস্থল সম্পর্কে যথাযথ তথ্য দেওয়ার অনুরোধ জানান। বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) তথ্য দিলে ১৫ মিনিটের মধ্যে সেবা দেওয়া হবে।
মেয়র তাপস বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। আমরা যেমন পরিষ্কার করে দেব তেমনি মশার লার্ভাও ধ্বংস করবো। এ সময় তিনি মশক নিধনে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যদি তা প্রতিরোধ করতে পারি তাহলে এতে খরচ কম হয়, দুর্ভোগ কম হয়। ডেঙ্গু রোগেও সেটা প্রযোজ্য। এটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। আর ভাইরাসের কোনো ওষুধ নেই। আমরা সিম্পমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। কাজেই আমি সবাইকে অনুরোধ করবো যেন ডেঙ্গু রোগ প্রতিরোধে আমরা সজাগ থাকি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা ফজলে শামসুল কবির, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
এই অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে পরিচালিত এই 'বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন' কার্যক্রমে শতাধিক মশককর্মী ও ২৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেয়।
এনএএন/