সফলতার সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি: মেয়র তাপস
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে চার বছরের দায়িত্বে সফলতার সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সিটি কর্পোরেশনে সুশাসন নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন শেখ ফজলে নূর তাপস।
রোববার (১৯ মে) ডিএসসিসিতে মেয়রের দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 'উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রার ৪ বছর' শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শেখ ফজলে নূর তাপস বলেন, ‘গত বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডিএসসিসি এলাকায় ৯ হাজার ৭৬৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি। তখন সারা দেশে রোগী ছিল ২ লাখ ৭১ হাজার ১৭৫ জন। সুতরাং বলা যায়, আমরা সফলতার সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘যদিও গত বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। কেবল ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছে, তা আগের ২২ বছরে হয়নি। অর্থাৎ আগের ২২ বছরের চেয়ে গত বছর রোগীর সংখ্যা ছিল বেশি।’
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ১০ হাজার ৮ জন আক্রান্ত হন। বাকি ২ লাখ ১১ হাজার ১৭১ জন আক্রান্ত হন ঢাকার বাইরে। এছাড়া গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে ঢাকাতেই মারা যান ৯৮০ জন।
২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ঢাকায় ৫৮ হাজার ডেঙ্গুরোগী বেশি ছিল বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যা দিয়েছেন তা মনগড়া।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬