১২ মে, ২০২৪ ০৫:২৮ পিএম

ডিজিটাল ডাটাবেজের আওতায় পিরোজপুর হাসপাতাল: ঘরে বসেই বহির্বিভাগের সেবা

ডিজিটাল ডাটাবেজের আওতায় পিরোজপুর হাসপাতাল: ঘরে বসেই বহির্বিভাগের সেবা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রত্যেক রোগীর থাকবে আইডেন্টিফিকেশন নম্বর। পরবর্তীতে যতবার প্রয়োজন তিনি ততবারই সেবা নিতে পারবেন। কখন কোন অসুখে আক্রান্ত হয়েছেন আর চিকিৎসকদের ব্যবস্থাপত্র, এর সবই সংরক্ষিত থাকবে এই ডাটাবেজে। পিরোজপুরের সরকারি হাসপাতালগুলোকে এমন ডিজিটাল ডাটাবেজের আওতায় নিয়ে আসা হচ্ছে।

‘পিরোজপুর সরকারি হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম’ নামের এই প্রকল্প আগামী মাসেই চালু করার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। এর ফলে ঘরে বসেই বহির্বিভাগের চিকিৎসা নিতে পারবেন রোগীরা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পিরোজপুর জেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারের কার্যালয় এই প্রকল্প বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সহযোগিতায় জেলা আইসিটি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আবুল হোসেন প্রকল্পটির কাজ শুরু করেছেন।

তারা জানান, রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি একটি আইডেন্টিফিকেশন নম্বর পাবেন। এই নম্বর ব্যবহার করে তিনি যতবার প্রয়োজন ততবারই সেবা নিতে পারবেন। এ ছাড়া তিনি কখন কোন রোগে ভুগছিলেন এবং কোন চিকিৎসক কোন ওষুধপত্র দিয়েছেন তা ডাটাবেজে সংরক্ষিত থাকবে। তিনি বিদেশে চিকিৎসাসেবা গ্রহণ করে থাকলেও ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

এই প্রকল্প চালু হলে রোগীরা কম্পিউটার প্রিন্ট ব্যবস্থাপত্র হাতে পাবেন। এতে চিকিৎসাজনিত অনেক সমস্যার সমাধান হবে। রোগীর ডাটাবেজে সকল তথ্য সংরক্ষিত থাকায় প্রয়োজনে অনলাইনে যোগাযোগ করেই চিকিৎসা নিতে পারবেন। ডাটাবেজের তথ্য দেখেই খুব সহজে চিকিৎসাসেবাও দিতে পারবেন চিকিৎসকরা।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ভবিষ্যতে হয়তো দেশের সকল হাসপাতালেই এ ধরনের প্রকল্প চালু হবে। আমরা জুনে শুরু করতে চাচ্ছি। এর ফলে বিদেশে বসেও রোগীরা সকল তথ্য জানতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এই স্মার্ট স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি যুগান্তকারী অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

জেলা আইসিটি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আবুল হোসেন বলেন, ‘আশা করছি, আগামী জুন মাসেই প্রকল্পটি পুরোদমে চালু করা সম্ভব হবে। জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এটি বাস্তবায়িত হচ্ছে।’

এনএআর/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক