১২ মে, ২০২৪ ০৫:১৭ পিএম

হাসপাতালের লিফট নষ্ট হয়ে রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

হাসপাতালের লিফট নষ্ট হয়ে রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট নষ্ট হয়ে রোগীর মৃত্যুর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মমতাজ বেগম (৫৩) নামে ওই রোগীর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাড়িগাঁওয়ে।

আজ রোববার (১২ মে) হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিসে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, অত্র কার্যালয়ের জরুরি বিভাগের ভর্তি রেজিঃ নং- ২৬২৪৬/৪৩, তারিখ-১২/০৫/২০২৪ খ্রি মোতাবেক সকাল ০৬.৩০ ঘটিকায় রোগী মমতাজ বয়স-৫০ বছর, স্বামী শারফুদ্দিন সাং- বাড়িগাও, কাপাসিয়া, গাজীপুর মেইল মেডিসিন ওয়ার্ড- ব্লক-বিতে ভর্তি হয়। পরবর্তীতে উক্ত রোগীকে আইসিইউতে রেফার্ড করা হয়। রোগীকে আইসিইউতে নেওয়ার সময় হঠাৎ লিফট নষ্ট হয়ে যায়। রোগীকে আইসিইউতে শিফট করার আগেই লিফটে মৃত্যুবরণ করেন। প্রকৃতপক্ষে কি ঘটেছিল, ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মচারী বা লিফট অপারেটরদের রোগী ব্যবস্থাপনায় অবহেলা ছিল কি-না, সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ/তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীগণের সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।’

মেডিকেলে কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. রুবীনা ইয়াসমিনের সভাপতিত্বে ওই কমিটির অন্য সদস্য হলেন—হাসপাতালের আরপি (মেডিসিন) ডা. শেখ কামরুল করিম, উপ বিভাগীয় প্রকৌশলী নিয়াজুর রহমান, ওয়ার্ড মাস্টার মো. রাতুল ইসলাম, মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।

‘সংশ্লিষ্ট বিষয়ে বিশদ যাচাই বাছাই পূর্বক আগামী ৩ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর বরাবর লিখিত তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ জানানো হলো’—উল্লেখ করা হয় নোটিসে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থেকে মারা যান মমতাজ বেগম। আটকেপড়া রোগীর স্বজনেরা লিফটম্যানদের কল দিলে উদ্ধার না করে তাঁরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।

মমতাজ বেগমের মেয়ে শারমিন আক্তারের দাবি, ‘৪৫ মিনিট আমরা ভেতরে অবস্থান করেছি। উপায় না পেয়ে ৯৯৯–এ ফোন দিই। ফোন পেয়ে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। লিফটম্যানদের গাফিলতির কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কোনো দায়িত্ববোধ নেই।’

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত