০৮ মে, ২০২৪ ১০:৩৯ এএম

‘গবেষণায় ডব্লিউএইচওর সহযোগিতা পেতে কার্যকর উদ্যোগ’

‘গবেষণায় ডব্লিউএইচওর সহযোগিতা পেতে কার্যকর উদ্যোগ’
বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। ছবি: সোহেল গাজী

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রয়োজনীয় সহযোগিতার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

মঙ্গলবার (৭ মে) ডি ব্লকে বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, বিভাগীয় প্রধানের কার্যালয়, কনফারেন্স ও লাইব্রেরি রুম সংস্কার এবং জরুরি অপারেশন থিয়েটারের পুনঃসংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, ‘চিকিৎসাসেবা ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে এক নম্বর হতে হবে। গবেষণার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সহযোগিতার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় গবেষণাসহ বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়নের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার বিষয়টি সহজতর হয়েছে। যা দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নকে অধিকতর গতিশীল ও তরান্বিত করবে।’

এ সময় জাতির জনকের নামে বঙ্গবন্ধু কর্নার চালু করায় অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যানসহ সকল শিক্ষককে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের স্বাস্থ্যখাতের সেন্টার অব এক্সিলেন্স। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫৪টি অধিভুক্ত মেডিকেল কলেজ ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে শতাধিক বিদেশি শিক্ষার্থী রয়েছে। এখানে মেডিকেল শিক্ষায় উচ্চতর কোর্সের সংখ্যা ১০৭টি। অর্থোপেডিক সার্জারি বিভাগে রয়েছে স্পাইন সার্জাারি, হ্যান্ড সার্জারিসহ এক ডজনেরও বেশি সাব স্পেশিয়ালিটি।

অধ্যাপক দীন মো. নূরুল হক আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এখানে চার বছরের জন্য একটি বড় দায়িত্ব অর্পণ করেছেন। আমি এখানে কোনো অন্যায় করতে আসেনি, কারো ক্ষতি করতে আসিনি। আমি সবাইকে নিয়ে কাজ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে মর্যাদার আসনে সুপ্রিতিষ্ঠিত করতে চাই।’

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, অত্র বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাস, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ফয়সাল প্রমুখসহ বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে বিভাগের শিক্ষা, সেবা ও গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা কামনা করেন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত