০৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:১০ পিএম

শহরে চাপ কমাতে গ্রামে স্বাস্থ্যসেবায় গুরুত্বারোপের অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রীর

শহরে চাপ কমাতে গ্রামে স্বাস্থ্যসেবায় গুরুত্বারোপের অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রীর
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সংবর্ধনা। ছবি: সাহেদুজ্জামান সাকিব

মেডিভয়েস রিপোর্ট: শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে প্রান্তিক এলাকায় চিকিৎসাসেবায় অধিক গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রান্তিক এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া গেলে শহরের হাসপাতালগুলোতে অনেক চাপ কমে যাবে। আমি এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।’

এ সময় চিকিৎসকদের জন্য তাঁর দরজা সবসময় উন্মুক্ত উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমি সাধারণ মানুষ, আগে যেমন ছিলাম এখনো তাই আছি।’

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘মন্ত্রিত্ব পাওয়ার পর আমার সবচেয়ে বড় হাদিয়া হলো, চিকিৎসক ভাই-বোনেরা। তাঁরা সাহায্য করলে সব সমস্যা সমাধান করা সম্ভব।’

বাংলাদেশের চিকিৎসাসেবার মান নিয়ে প্রশ্ন নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিশ্বের অনেক দেশ থেকে আমরা এগিয়ে আছি। তবে আমাদের একটা ভালো পরিবেশ প্রয়োজন। মেধা-যোগ্যতায় আমাদের কোনো ঘাটতি নেই, ভালো পরিবেশ পেলে চিকিৎসাসেবায় অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে যাবো আমরা।’

চিকিৎসক সুরক্ষা আইনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পরপরই চিকিৎসক সুরক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি নিজেও এসব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। সিলেটের ঘটনা নিয়েও বারবার খোঁজ-খবর নিয়েছেন।’

অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে একটি হাসপাতালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন সারাদেশের হাজার হাজার হাসপাতালের দায়িত্ব পালন করবেন। তিনি নিজের হাসপাতাল চালাতে গিয়ে সমস্যাগুলো সরাসরি দেখেছেন। সুতরাং মাঠ পর্যায়ের সমস্যাগুলোও তার ভালো জানা। সমস্যা সমাধানে কি করতে হবে সেটাও তিনি ভালোই বোঝেন।’

চিকিৎসকদের উদ্দেশ্যে বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘ডা. সামন্ত লাল সেনের জন্য কারো উপদেশ প্রয়োজন নেই। তিনি নিজে চিকিৎসকদের সব কিছু ভালো জানেন ও বোঝেন। আমাদের কাজ হবে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা।’

সভাপতির বক্তব্যে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘আমাদের মন্ত্রী মহোদয় মাত্র দায়িত্ব নিয়েছেন। তিনি চিকিৎসক সমাজের জন্য এখনই অনেক কিছু করে ফেলবেন—আমরা এমনটা আশা করি না। তবে বিশ্বাস করি ডা. সামন্ত লাল সেন চিকিৎসকদের জন্য ভালো কিছু করবেন। অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমরা চিকিৎসক সমাজ তাঁকে আন্তরিক সহযোগিতা করবো। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্বাস্থ্যব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারবো।’

বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের দৃশ্যমান কিছু কাজ দেখতে পেয়েছি। শরীয়তপুরের ড্যামুডায় ডা. নুসরাত তারিন তন্নীর ওপর হামলার অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। মন্ত্রী মহোদয়ের সরাসরি হস্তক্ষেপে এটা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাচিপ মহাসচিব ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। 

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত