বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীদের বর্ধিত ভাতা বরাদ্দ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বর্ধিত ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে ২৮,৮৪,২০,০০০ (আঠাশ কোটি চুরাশি লক্ষ বিশ হাজার) টাকা ব্যয় হবে, যা বহন করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ৩১ ডিসেম্বর বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই আদেশে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা কর্তৃক জারিকৃত স্মারক নং- ৫৯.০০.০০০০.১৪৫.০২০.০০১.২০২৩-৪৭৫, তারিখ: ২৩/১১/২০২৩ খ্রিঃ মোতাবেক জারিকৃত আদেশ বলে বেসরকারী পোষ্ট গ্রাজুয়েট চিকিৎসকদের (রেসিডেন্সি/নন-রেসিডেন্সি) মাসিক ভাতা ২০০০০/- টাকা হতে ৫০০০/- টাকা বৃদ্ধি করে ২৫০০০/- টাকা হারে নির্ধারণ করা হয়েছে।’
‘বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানে অধ্যনয়রত বেসরকারী পোষ্ট গ্রাজুয়েট ৪৮০৭ জনের ১২ মাসের জন্য সর্বমোট (৪৮০৭x৫০০০x১২)=২৮,৮৪,২০,০০০/- (আঠাশ কোটি চুরাশি লক্ষ বিশ হাজার) টাকা ব্যয় হবে। ২০২৩-২০২৪ অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বাজেট হতে এই খরচ বহন করা হবে’—যোগ করা হয় বিএসএমএমইউর আদেশে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে বিএসএমএমইউ।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।