জবি ভিসির মৃত্যুতে অধ্যাপক শারফুদ্দিনের শোক
মেডিভয়েস রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের (৬৬) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
জবি ভিসির মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন বিএসএমএমইউ ভিসি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশ্ববিদ্যালয়ের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেছেন।
তিনি ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি ও সদস্য, বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
২০২১ সালের ১ জুন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পান। পাবনার সন্তান প্রফেসর ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
টিআই/এএনএম