০৭ নভেম্বর, ২০২৩ ০৬:২৪ পিএম

ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু হার বেশি: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু হার বেশি: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেন, যে পর্যন্ত এডিস মশা থাকবে, সে পর্যন্ত ডেঙ্গু রোগীও থাকবে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার বাইরে সারাদেশে এখন ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যুর হার বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে চীন সরকারের ডেঙ্গু কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় সংক্রমণের হার কমে আসছে, কিন্তু মৃত্যু হচ্ছে। এর কারণ হচ্ছে ক্রিটিকাল কেসগুলো ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় জার্নি করে আসার কারণে অনেক সময় রোগী সক সিনড্রোমে চলে যায়। ফ্লুইডের অভাবেও তারা মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, নারীদের সংক্রমণ কম হলেও মৃত্যুর হার বেশি। নারীরা অনেক সময় চিকিৎসা নিতে দেরি করেন। নারীদের প্রতি আরও বেশি সজাগ হওয়া প্রয়োজন। তাদের তাড়াতাড়ি পরীক্ষা এবং চিকিৎসা দেওয়া প্রয়োজন। তাহলেই নারীদের মৃত্যু হার কমে যাবে।

জাহিদ মালেক বলেন, যে পর্যন্ত এডিস মশা থাকবে, সে পর্যন্ত ডেঙ্গু রোগীও থাকবে। কাজেই আমাদের মশা কমাতে হবে। মশার ওষুধ স্প্রে করতে হবে, নিজের আঙ্গিনা, ঘরের ভেতর নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। এর বাইরে ডোবা নালা যেগুলো রয়েছে সেগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভা করবে। তাদের আমরা সব সময় বলে আসছি, বছরব্যাপী একটি কর্মসূচি তাদের করা প্রয়োজন। যার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তা না হলে প্রতিবছরই ডেঙ্গুর সমস্যা দেখা দেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চীন সরকারের পক্ষ থেকে প্রায় ১০ লাখ ডেঙ্গু টেস্ট কিট পাব। পাশাপাশি তারা বেশ কিছু যন্ত্রপাতিও প্রদান করবে। এর মধ্যে ব্লাড সেপারেটর, ফ্রিজার, অটো হেমাটোলাইজার এবং ব্লাড ব্যাগ রয়েছে। এসব জিনিস আমাদের ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজন হয়। এসব জিনিস আমাদের রয়েছে এবং যেগুলো পেলাম তাতে আমাদের হাসপাতালগুলো আরও বেশি সমৃদ্ধ হবে।

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক