০৭ নভেম্বর, ২০২৩ ০৪:৩৭ পিএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের তৈরি পোশাকশ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে শ্রম মন্ত্রণালয়। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হবে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মজুরি ঘোষণা করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এটা ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। আট হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।’

এর আগে বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ সংক্রান্ত  আলোচনা শুরু হয়। এতে শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিরাজুল ইসলাম রনি। অন্যদিকে, মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিদ্দিকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ, নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ।

সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, পোশাক শ্রমিকরা আট হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। সেই হিসেবে আগের তুলনায় ন্যূনতম মজুরি বেড়েছে চার হাজার ৫০০ টাকা। মজুরি বৃদ্ধির হার ৫৬ দশমিক ২৫ শতাংশ।

মজুরি বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া

পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা। 

শ্রমিক নেতারা বলছেন, বর্তমান বাজারদরের প্রেক্ষাপটে সাড়ে ১২ হাজার টাকা মজুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই মজুরি প্রত্যাখ্যান করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তারা বলেন, শ্রমিকরা এক বছরের বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা দাবি করে আসছেন। তাদের কোনোমতে খেয়েপরে বেঁচে থাকার জন্য এই মজুরিটা দরকার। মালিকেরা বলছেন, তাঁরা ৫৬ শতাংশের মতো মজুরি বৃদ্ধি করছেন। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে ১৫০-২০০ শতাংশ পর্যন্ত।

অন্যদিকে শ্রমিকদের অনেকেই বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাড়ে ১২ হাজার টাকায় পরিবার নিয়ে চলা সম্ভব নয়। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করতে হবে। আবার কেউ কেউ বলছেন, নিম্নতম মজুরি ৮ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা করায় তাঁরা অসন্তুষ্ট নন। তবে এটি ১৫ থেকে ১৬ হাজার হলে ভালো হতো।

 

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক