অধ্যাপক রিদওয়ানুর রহমান স্মরণে সভা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও মেডিকেল গবেষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে অনলাইনে অনুষ্ঠিত এ সভায় তাঁর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন বিশিষ্টজনেরা।
এতে বক্তারা বলেন, অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ছিলেন একজন অনন্য-অসাধারণ প্রতিভার অধিকারী ও দুর্লভ ব্যক্তিত্ব। তিনি একাধারে একজন দক্ষ ফিজিয়িশান, অসামান্য প্রতিভাবান শিক্ষক, চিকিৎসা বিষয়ক দার্শনিক ও সর্বোচ্চ পর্যায়ের গবেষক।
স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি অপরিসীম ত্যাগ করে গেছেন। কর্ম, দক্ষতা ও আন্তরিকতায় ক্ষণজন্মা এ চিকিৎসকের জুড়ি মেলা ভার। তাঁর বিদায়ে স্বাস্থ্যখাতের সীমাহীন ক্ষতি হয়ে গেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী ও অধ্যাপক ডা. এমএ ফয়েজ।
তিন ভাগে বিভক্ত এ অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। তাঁর বর্ণাঢ্য জীবনীর ওপর তুলে ধরা হয় একটি লিখিত বক্তব্য। এর পাশাপাশি হয় বিশিষ্টজনদের আলোচনা। অনুষ্ঠানের শেষ দিকে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানকে স্মরণীয় করে রাখতে কিছু পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একাধিক প্রস্তাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। এতে অংশ নেন প্রখ্যাত রিউমাটোলজিস্ট অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা. কাজী তারিকুল ইসলাম, অধ্যাপক ডা. ফজলে রাব্বী, অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।
এএনএম/