‘স্যার সবাইকে হাসিমুখে সাহায্য করতেন’
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ডায়াগনোসিসসহ যেকোনো ব্যাপারেই অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান সবাইকে হাসিমুখে সাহায্য করতেন, তিনি খুবই আন্তরিক ছিলেন। মেডিকেল গবেষণায়ও তাঁর বিরাট অবদান রয়েছে। এমন বিদগ্ধজনকে হারানো জাতির জন্য অনেক বড় ক্ষতির বিষয়।
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আজ বুধবার (২৫ অক্টোবর) বিকেলে মেডিভয়েসকে এসব কথা বলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজির বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুদুজ্জামান।
তিনি বলেন, ‘মেডিকেল গবেষণায় বিখ্যাত অধ্যাপক ডা. ফয়েজ স্যার আর রিদওয়ান স্যার এক সঙ্গে কাজ করতেন। গবেষণায় এই দুইজনের অবদান অনেক। স্যারকে হারানো জাতির জন্য অনেক বড় ক্ষতির। আমরা অনেক বেশি শোকাহত।’
ডা. মোহাম্মদ মাহমুদুজ্জামান আরও বলেন, ‘সহকর্মী ছাড়াও স্যার আমাদের শিক্ষকের মতো ছিলেন। বড় কথা হচ্ছে, স্যারের কাছে খুব সহজেই পৌঁছানো যেত। আমরা যারা মেডিকেল সাইন্সে আছি, তারা স্যারকে অনেক বেশি অনুভব করবো। স্যারকে আল্লাহ বেহেশত নসিব করুক।’
প্রসঙ্গত, আজ বুধবার (২৫ অক্টোবর) সকালে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে বুধবার ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর। পরে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বিস্তৃত কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমিউনিটি মেডিসিনে পড়াশোনা করেছেন অধ্যাপক রিদওয়ানুর রহমান।
তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একেবিসি ঘোষ ইনস্টিটিউট থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
টিআই/এএনএম