১৪ অক্টোবর, ২০২৩ ০৫:০৯ পিএম

চিকিৎসাধীন রোগীদের ৪৮.৪% মানসিক সমস্যাগ্রস্ত: বিএসএমএমইউর গবেষণা

চিকিৎসাধীন রোগীদের ৪৮.৪% মানসিক সমস্যাগ্রস্ত: বিএসএমএমইউর গবেষণা
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপল‌ক্ষে শ‌নিবার (১৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে বিএসএমএমইউ।

মেডিভয়েস ডেস্ক: কোন না কোন মানসিক রোগে ভুগছেন অর্ধেক মানুষ। এসব রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপল‌ক্ষে শ‌নিবার (১৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। গবেষণায় বিএসএমএমইউর মেডিসিন ও সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের মধ্যে মানসিক রোগের এ হার দেখা গেছে।

৩৪৭ জনকে নিয়ে করা এই গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে ১৬৮ জন (৪৮.৪ শতাংশ) কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। এদের মধ্যে ৫৪ দশ‌মিক ৮ শতাংশ পুরুষ ও ৪৫ দশ‌মিক ২ শতাংশ নারী।

গত বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে উপলক্ষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের পক্ষ থেকে এই গবেষণা চালানো হয়।

গবেষণায়, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি অনুষদের ২৯টি বিভাগে ভর্তি রোগীদের মধ্যে মানসিক রোগের হার দেখা হয়। সেখানে দেখা যায়, বিভিন্ন ধরনের মানসিক রোগে ভোগা রোগীদের মধ্যে ৩৩.৩ শতাংশের বয়স ৫১-৬৫ বছর এবং ১৯ শতাংশের বয়স ৩১-৪০ বছর।

বিএসএমএমইউর এই গবেষণায় অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৪৮.৪ শতাংশ) কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। এদের মধ্যে ১.৭ শতাংশ রোগীকে মানসিক চিকিৎসার জন্য অন্য বিভাগ থেকে মনোরোগবিদ্যা বিভাগে পাঠানো হয়। ৭.৮ শতাংশ রোগী তাদের রোগ সম্পর্কে জানেন এবং ১৭.৩ শতাংশ রোগী বিভিন্ন ধরনের মানসিক রোগের ওষুধ খেয়ে আসছেন। মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের ৬৫ শতাংশের মধ্যে মানসিক রোগ শনাক্ত করা গেছে।

বিএসএমএমইউর পক্ষ থেকে বলা হয়, এ গবেষণা সব ধরনের মানসিক রোগে ভোগা রোগীদের উপযুক্ত সাইকিয়াট্রিক সেবা পেতে সহায়তা করবে এবং অন্যান্য বিভাগের চিকিৎসকদের মানসিক রোগীদের মনোরোগবিদ্যা বিভাগে রেফার্ড করতে উদ্বুদ্ধ করবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত