বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদনের ভিত্তিতে ডেঙ্গুর টিকা প্রয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর’বি) তৈরি ডেঙ্গুর টিকা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নিয়ে দেশে এ টিকার ব্যবহারের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনো দেশেই ডেঙ্গুর কার্যকরী টিকা নেই। তবে বাংলাদেশে আইসিডিডিআরবির তৈরি টিকা ডেঙ্গুর চারটি ভাইরাসেই কার্যকর বলে শোনা যাচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এ টিকার অনুমোদন নেওয়া হবে।’
তিনি বলেন, ‘ডেঙ্গু টিকা নিয়ে বিশ্বজুড়েই গবেষণা চলছে। ইতোমধ্যে দুটি টিকা আবিষ্কারও হয়েছে। কিন্তু সেই টিকা সব ভাইরাসে কার্যকর নয়। তাতে অনেক সমস্যা রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি টিকার সফল পরীক্ষা সত্যিই আশা জাগায়।’
ডেঙ্গু চিকিৎসায় স্যালাইনের কোনো ঘাটতি নেই জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘ঢাকায় ডেঙ্গু স্থিতিশীল আছে। ঢাকার বাইরে ডেঙ্গুর সংক্রমণ বেশি। দেশের বিভিন্ন হাসপাতালে এখন প্রায় নয় হাজার রোগী চিকিৎসাধীন। আমরা মন্ত্রণালয় থেকে সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দিয়েছিলাম। এরমধ্যে তিন লাখ ব্যাগ স্যালাইন চলে এসেছে। বাকি চার লাখ ব্যাগ স্যালাইনের চালানও দ্রুত চলে আসবে। প্রতিদিন প্রায় ৪০-৫০ হাজার ব্যাগ স্যালাইন রিসিভ করছি। এ ছাড়া বেসরকারি ওষুধ উৎপাদন কোম্পানিগুলো স্যালাইনের উৎপাদন বাড়িয়েছে। আমি যতটুকু তথ্য পেয়েছি তারা মাসে ৫৩ লাখ ব্যাগ স্যালাইন উৎপাদন করত পারবে।’
তিনি বলেন, প্রতিমাসে ডেঙ্গু জন্য প্রয়োজন ২০ লাখ ব্যাগ স্যালাইন। ডেঙ্গু আক্রান্তের হার যদি বর্তমানের চেয়ে বেড়ে যায়, সেই ক্ষেত্রে স্যালাইনের প্রয়োজন হবে ৩০ লাখ ব্যাগ। এ কারণে এখন আর সেইভাবে হাহাকার ঘাটতি নাই।
জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে হওয়া আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যের বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে সভা হয়েছে। সারাবিশ্বে করোনা মহামারি হয়েছে, আগামীতে কোনো ধরনের মহামারি এলে তা কী উপায়ে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। যক্ষ্মার বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের দেশে আগের চেয়ে এখন প্রায় ৫০ ভাগ যক্ষ্মা রোগী কমেছে। আমরা ২০৩০ সালের মধেই যক্ষ্মা শতাভাগ নির্মূল করব। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’