২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে শুরু
মেডিভয়েস রিপোর্ট: আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পূর্ণাঙ্গ সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন এসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়ে মে মাসে শেষ হয়েছে। আর এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে। আগামী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এএইচ/