ডা. মুহাম্মাদ সাঈদ এনাম ওয়ালিদ
চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ কলামিস্ট, জনস্বাস্থ্য গবেষক।
১০ অগাস্ট, ২০২৩ ১১:১১ এএম
কারও সামনে খেতে ইতস্তত বোধ করেন ডিএপনোফোবিয়া রোগী
কোন অনুষ্ঠানে বসে বা সবার সম্মুখে বসে খেতে লজ্জা পাওয়া বা ইতস্তত বোধ করা কি মানসিক রোগ?
অনেকে জিজ্ঞেস করেন, ‘আমি বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে যাই না, কেবল মাত্র সবার সামনে বসে খেতে হবে─এই ভেবে। কারো সামনে খেতে বসলে আমার খারাপ লাগে, আমি বিব্রতবোধ করি, আমার পালপিটেশন হয়। আমার মনে হয়, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার খাবার নিয়ে কি যেন ভাবছে! আমার খাবার স্টাইল, আমার খাবার চিবানো, ফিজিক্যাল মুভমেন্ট ইত্যাদি নিয়ে কানাঘুষা করছে, বা করবে। এসব কারণে আমি সাধারণত কারো অনুষ্ঠানে যাই না। এটা কি আমার কোনো মানসিক রোগ?’
হ্যা, এটা এক ধরনের মানসিক সমস্যা। একে বলে ডিএপনোফোবিয়া। এ সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা খুবই কম।
কারো সামনে বসে খেতে বিব্রতবোধ করা, ভয় পাওয়া, পালপিটেশন হওয়া বা ইতস্তত বোধ করাকে বলা হয় ডিএপনোফোবিয়া।
কারো কারো ডিএপনোফোবিয়া মাঝেমধ্যে বেশ সামাজিক সমস্যা সৃষ্টি করে। রোগীকে নিয়ে অনেকেই ভুল বোঝেন। হয় তো ভাবেন, মেয়েটি বা ভদ্রমহিলা অত্যন্ত অহংকারী। দাওয়াত দিলে আসতে চান না। আসলেও টেবিলে বসে খেতে চান না। ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এটা যে এক ধরনের এনজাইটি ডিসওর্ডার, সেটা যেমন রোগী টের পান না, শেয়ার করেন না, তেমনি রোগীর বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন ও বোঝেন না।
ডিএপনোফোবিয়া এর চিকিৎসা কি আছে?
অবশ্যই আছে। ব্রেইনে নিউরোট্রান্সমিটার সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি কারক ওষুধ এসএসআরআই (SSRI) এক্ষেত্রে বেশ কার্যকরী৷ তা ছাড়া সাইকোথেরাপিও (কগনেটিভ বিহেভিয়ার থেরাপি) বেশ কার্যকরী।