০৮ অগাস্ট, ২০২৩ ০৭:২১ পিএম

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
আগামী বুধবার ও বৃহস্পতিবার ৫ জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ঘোষিত তারিখ থেকেই এ পরীক্ষা শুরু হবে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’সভা শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ১৭ আগস্ট শুরু হবে, এটা অনেক দিন থেকে ঘোষণা আছে। শিক্ষার্থীদের অধিকাংশই কিন্তু সেই সময়টাকে সামনে রেখে তৈরি হয়েছে এবং তারা পরীক্ষা দিতে প্রস্তুত। যারা মনে করছে, প্রস্তুত না, এখনও কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদের পরীক্ষা হয়তো অতোটা খারাপ হবে না। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।  আমরা আশা করব, তারা আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে বসবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে।

পরীক্ষা পেছানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব পরীক্ষার আগে দেখি, পরীক্ষার্থীদের একটি অংশ বলে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও কিন্তু দেখে অভ্যস্ত যে, কলেজে-স্কুলে পরীক্ষা পেছানোর দাবি ওঠে। যারা দাবি করে, তারা বলে পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে।

অন্যদিকে বুধ-বৃহস্পতিবার ৫ জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম ও কক্সবাজারের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি  বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম ও কক্সবাজারের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এজন্য বুধ-বৃহস্পতিবার এসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে সব এলাকার পানি নেমে যাবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে। 

আগামী রোববার (১৩ আগস্ট) থেকে এই ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু করা যাবে বলেও আশা করেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে। রুটিন অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না