ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা রুমা বিশ্বাসের (২৬) মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে এবং একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী লিটন ঘোষের স্ত্রী।
লিটন ঘোষ জানান, ‘রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষা করা হলে তার (রুমা বিশ্বাস) ডেঙ্গু পজিটিভ আসে। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। এরপর মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেইসঙ্গে গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।’