ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসিতে ৩ স্তরে কাজ: মেয়র
মেডিভয়েস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় তিন স্তরে কাজ করবে উত্তর সিটি করপোরেশন। প্রথম স্তরে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটি, দ্বিতীয় স্তরে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা র্যাপিড অ্যাকশন টিম এবং মেয়রের নেতৃত্ব কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম কাজ করবে।
বুধবার (২৬ জুলাই) স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে 'মশার কামড় ক্ষতিকর' শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মেয়র জানান, প্রথম স্তরে গঠিত টাস্কফোর্স কমিটি নিজ নিজ এলাকায় ঘুরে এডিসের লার্ভার উৎসস্থল চিহ্নিত করবে, লার্ভা ধ্বংসে ব্যবস্থা নেবে। কোন কোন বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই তালিকা করবে এবং কমান্ড সেন্টারের সার্ভারে মশক নিধন কার্যক্রমের ডাটা এন্ট্রি দেবে।
আতিকুল ইসলাম জানান, দ্বিতীয় স্তরে রয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন টিম টাস্কফোর্স কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে এই টিম সেখানে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। আর তৃতীয় স্তরে রয়েছে মেয়রের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম।
রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (বালিকা শাখা) শাখা থেকে মেয়র আতিকুল ইসলাম স্কুলে স্কুলে ‘মশার কামড় ক্ষতিকর’শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু করেন। পরে তিনি আরও ৪টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করেন।
লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া প্রাইমারি স্কুল, লালমাটিয়া সোসাইটি স্কুল এন্ড কলেজ এবং শ্যামলী জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়সহ পাঁচটি স্কুলের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বইটি পাওয়ার পরে অংকন করে। অংকনে ভাল করায় প্রতি ক্লাসের ৫ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, 'আমাদের ছোটমনিদের জানাতে চাই, মশার কামড় মানুষের জন্য ক্ষতিকর। এ ব্যাপারে তাদেরকে জানাতে পারলে, সচেতন করতে পারলে আমরা মশার কামড় থেকে রক্ষা পাব। বইটিতে চিত্রাঙ্কণ করার মাধ্যমে শিশুরা মশার কামড় থেকে বাঁচতে করণীয় সম্পর্কে শিখতে পারে।'
তিনি বলেন, শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে অনেকাংশেই আমরা মশাবাহিত রোগ রুখতে পারব। সিটি করপোরেশন থেকে বই ঢাকা উত্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। এক লাখ বই বিতরণ শেষ হলে আমরা আরও বই ছাপিয়ে শিশুদের মাঝে তা বিতরণ করব।
এসময় ডিএনসিসি মেয়র প্রতিটি স্কুলে উপস্থিত অভিভাবকদের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।